
আইনেট প্রতিনিধিঃ ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনকে কেন্দ্র করে দেশজুড়ে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার, তেলিয়ামুড়া পুর পরিষদের উদ্যোগে ‘সেবাই সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে আয়োজন করা হয় এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের।
তেলিয়ামুড়ায় আয়োজিত এই রক্তদান শিবিরকে ঘিরে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। সমাজের বিভিন্ন স্তরের অসংখ্য মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদাতাদের এই উদ্যোগকে মানবিক ও সমাজসেবামূলক দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেন উপস্থিত অতিথিরা।
শিবিরে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, ভাইস চেয়ারম্যান মধুসূদন রায়, বিশিষ্ট সমাজসেবী অচিন্ত ভট্টাচার্য সহ পুর পরিষদের অন্যান্য প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা।
এদিনের কর্মসূচিতে রক্তদাতাদের উৎসাহিত করার পাশাপাশি নিয়মিত রক্তদানের মাধ্যমে মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনকে কেন্দ্র করে নেওয়া এই ধরনের সেবামূলক কর্মসূচির মধ্য দিয়ে সমাজের প্রতি দায়বদ্ধতার বার্তাই তুলে ধরা হয়েছে বলে জানান উদ্যোক্তারা।