
আইনেট প্রতিনিধিঃ রাজধানীর মহারাজগঞ্জ বাজার এলাকা থেকে চুরি যাওয়া স্কুটি ২ ঘন্টার মধ্যেই উদ্ধার করতে সক্ষম হল পূর্ব থানার পুলিশ। এই ঘটনায় ২ চোরকেও গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে ,বৃহস্পতিবার সাত সকালে মহারাজগঞ্জ বাজারের নেতাজী সুভাষচন্দ্র বসুর স্ট্যাচুর সামনে থেকে TR-01-AL-9994 নম্বরের একটি স্কুটি চুরি হয়। অভিযোগ পেয়ে সাথে সাথেই মহারাজগঞ্জ বাজার ফাঁড়ি থানার পুলিশ এবং পূর্ব থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। শহরের বিভিন্ন স্থানের সিসি টিভির ফুটেজ খতিয়ে দেখে চোরেদের গন্তব্য পথ সনাক্ত করে পুলিশ। এরপর আর কে নগর এলাকা থেকে অভিযান চালিয়ে পুলিশ চুরি যাওয়া স্কুটি সহ চুরি কান্ডে জড়িত অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করে। এদিন পূর্ব থানার ওসি কৃষ্ণধন সরকার এই সংবাদ জানান ।তিনি জানান ,চুরি যাওয়া স্কুটিটি বিমল পোদ্দার নামে এক ব্যক্তির। তিনি উদয়পুরের বাসিন্দা। এদিন পূর্ব থানার পুলিশ আধিকারিক কৃষ্ণধন সরকার জানান বুধবার রাতে অভিযান চালিয়ে ২৩০ বোতল বিলিতি মদ সহ ২ নেশা কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত বিলেতি মদের মূল্য আনুমানিক এক লক্ষ টাকা ।পাশাপাশি বুধবারই চন্দ্রপুর এলাকা থেকে তিনটি চুরির জলের মোটর উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। তিনি আরো জানান ,ধৃত ২ স্কুটি চোরসহ ৪ জনকেই বৃহস্পতিবার পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হবে।