
আইনেট প্রতিনিধিঃ শুক্রবার দেব শিল্পী বিশ্বকর্মা পূজা। রাজ্যেও দিকে দিকে চলছে দেব শিল্পীর আরাধনা। অন্যান্য বছরে মতো এবারও টিএসআরের দ্বিতীয় ব্যাটেলিয়নের প্রধান কার্যালয়ে বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়। এই পূজার মূল মহত্ত্ব হল অস্ত্র পূজা বা শাস্ত্র পূজা। প্রাচীন ভারতীয় ঐতিহ্য অনুসরণ করে বহু বছর আগ থেকেই টিএসআর দ্বিতীয় ব্যাটেলিয়নের কার্যালয়ে বিশ্বকর্মা পুজোর দিন অস্ত্র পুজো আয়োজন করা হয়। অশুভ উপর ভালোর বিজয় এবং শক্তির আরাধনা হিসেবেই এই পুজো করা হয়। এদিন এই অস্ত্র পূজা উপলক্ষে রাজ্য পুলিশের এক আধিকারিক এমনই ব্যাখ্যা দেন। তিনি জানান ,রাজ্যের মঙ্গল রক্ষার তাগিদে অস্ত্র এবং গাড়ি নিয়েই আমাদের চলাফেরা করতে হয়। এগুলো যেন সঠিক সময়ে সঠিক কাজে লাগে, দেব শিল্পীর নিকট এই প্রার্থনা জানাতেই প্রতিবছর বিশ্বকর্মা পূজোর দিন অস্ত্র পুজোর আয়োজন করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য যে কর্মক্ষেত্রে হাতিয়ার এবং যন্ত্রপাতির আরাধনা একটি সুপ্রাচীন ভারতীয় ঐতিহ্য ।বিভিন্ন স্থানেই শুভ শক্তির প্রতীক নবরাত্রি'র নবম দিনে বা বিজয়া দশমীর দিনে এই অস্ত্র পুজোর আয়োজন করা হয়। মহাভারতেও এই অস্ত্রপুজোর বিহিত রয়েছে। পাণ্ডবরা অজ্ঞাতবাসের সময় শমী গাছে তাদের অস্ত্রগুলো লুকিয়ে রেখেছিলেন। বিজয়া দশমীর দিনে সেই অস্ত্র পুনরুদ্ধার করে পুজো করেছিলেন। ভারতীয় সেনাবাহিনী এবং বিভিন্ন নিরাপত্তা বাহিনীর ক্যাম্পেও বিশ্বকর্মা পূজা বা বিশেষ তিথিতে নিয়ম নিষ্ঠার সাথে অস্ত্র পুজোর আয়োজন করা হয়।