
আইনেট প্রতিনিধিঃ দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনায় মেতে উঠল ত্রিপুরা পরিবহন দপ্তর। পরিবহন দপ্তরের উদ্যোগে আগরতলার ত্রিপুরা পরিবহন নিগমের মুখ্য কার্যালয় প্রাঙ্গণে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় বিশ্বকর্মা পুজো। প্রতিবছরের মতো এবছরও কর্মীদের পাশাপাশি পরিবহন দপ্তরের সঙ্গে যুক্ত বিভিন্ন মহলের উপস্থিতিতে পালিত হয় এই পুজো । এবারের বিশ্বকর্মা পুজোর বিশেষ আকর্ষণ ছিল ‘রোড সেফটি’ বা সড়ক নিরাপত্তাকে কেন্দ্র করে সাজানো বিভিন্ন সচেতনতামূলক থিম। গাড়ি চালানোর সময় কী কী নিয়ম মেনে চলা উচিত, তার পাশাপাশি ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ, নির্ধারিত গতিসীমা, ট্রাফিক আইন মেনে চলা এবং নিরাপদভাবে যানবাহন চালানোর বিভিন্ন দিক তুলে ধরা হয়। সাধারণ মানুষের মধ্যে সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ বলে জানা যায়। এদিন উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি স্বপরিবারে পরিবহন দপ্তরের পুজো প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং বিশ্বকর্মা দেবের আরাধনায় অংশ নেন। পাশাপাশি পুজো উপলক্ষে আয়োজিত বিভিন্ন সচেতনতামূলক থিম ও প্রদর্শনীও ঘুরে দেখেন তিনি। বিশ্বকর্মা পুজোর এই আয়োজনের মধ্য দিয়ে একদিকে যেমন দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনা করা হয়েছে, অন্যদিকে সড়ক নিরাপত্তার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ারও উদ্যোগ নেওয়া হয়েছে।