
আইনেট প্রতিনিধিঃ যার লেখায় হাসি ও কান্নার মাধ্যমে সমাজের বাস্তব চিত্র প্রতিফলিত হতো, সেই অমর কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আজ ১৫০ তম জন্মবার্ষিকী। এই উপলক্ষে রাজধানীর ব্যানার্জি পাড়াস্থিত শরৎ সংস্কৃতি পরিষদ এদিন অমর কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কে স্মরণ করলো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে এদিন এই সংগঠনটির উদ্যোগে রাজধানীর উজ্জয়ন্ত প্রাসাদের সামনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে মহান মানবতাবাদী সাহিত্যিকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন শরৎ সংস্কৃতি পরিষদের সদস্যরা। অনুষ্ঠানে সংক্ষিপ্ত আকারে এই অমর কথা সাহিত্যিকের বিভিন্ন দিকগুলি তুলে ধরেন তারা। সংগঠনের পক্ষ থেকে সম্পাদক মিলন চক্রবর্তী জানান, মহান মানবতাবাদী সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখনী বিষয়বস্তু আজও প্রাসঙ্গিক। তাই সকলকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প, উপন্যাস এবং রচনাবলী আরো বেশি করে পড়ার এবং জানার আহ্বান জানান তিনি।