
আইনেট প্রতিনিধিঃ সাংবাদিকের পরিচয় ও গাড়িতে প্রেস স্টিকার ব্যবহার করে ট্রাফিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে তেলিয়ামুড়ায় চাঞ্চল্য। অভিযোগ উঠেছে, TR01K-4457 নম্বরের একটি অরা গাড়ি সামনে ও পেছনে প্রেস স্টিকার লাগিয়ে দীর্ঘদিন ধরে চলাচল করছে এবং ওই গাড়ির মাধ্যমে যাত্রী পরিবহনও করা হচ্ছে।
ট্রাফিক বিভাগের সূত্রে জানা গেছে, গাড়িটির চলাচল নিয়ে দীর্ঘদিন ধরেই নজরদারি চালানো হচ্ছিল। মঙ্গলবার জাতীয় সড়ক সংলগ্ন একটি রাস্তায় গাড়িটি দাঁড়িয়ে থাকতে দেখে তেলিয়ামুড়া ট্রাফিক বিভাগের কর্মীরা গাড়িটির কাগজপত্র যাচাই করতে এগিয়ে যান। সেই সময় গাড়িচালক তথা মালিক হিসেবে পরিচিত বিজয় ভৌমিক ঘটনাস্থল থেকে চলে যান বলে ট্রাফিক বিভাগের দাবি।
এরপর TR01K-4457 নম্বরের গাড়িটির সন্ধানে তল্লাশি শুরু করেন ট্রাফিক কর্মীরা। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর তেলিয়ামুড়া পুরাতন হাসপাতাল চত্বরে গাড়িটির সন্ধান মেলে। সেখানে গিয়ে গাড়িটির বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র খতিয়ে দেখেন ট্রাফিক বিভাগের কর্মীরা।
ট্রাফিক বিভাগের দাবি, গাড়িটির একাধিক গুরুত্বপূর্ণ কাগজপত্রের বৈধতার মেয়াদ দীর্ঘদিন আগেই শেষ হয়ে গেছে। এরপর গাড়িটিতে তালা লাগিয়ে দেয় ট্রাফিক বিভাগ। তবে সেই সময় গাড়ির মালিক বিজয় ভৌমিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
এদিকে সাংবাদিকের পরিচয় বহন করা কিংবা গাড়িতে প্রেস স্টিকার লাগানো কোনওভাবেই ট্রাফিক আইন বা যানবাহন সংক্রান্ত নিয়ম থেকে বিশেষ ছাড় পাওয়ার কারণ হতে পারে না বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ। নিয়ম ভঙ্গের অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তেলিয়ামুড়া ট্রাফিক বিভাগের ইনচার্জ সাব-ইন্সপেক্টর নিবাস চন্দ্র দাস।
ঘটনাকে ঘিরে তেলিয়ামুড়ায় সাংবাদিক পরিচয় ব্যবহার করে প্রেস স্টিকার লাগানো গাড়ির চলাচল এবং যানবাহনের বৈধ কাগজপত্র নিয়ে প্রশ্ন উঠেছে। তবে বিজয় ভৌমিকের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে তাঁর বক্তব্য এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি।