
আইনেট প্রতিনিধিঃ অন্যান্য বছরের মতো এবারও শারদ উৎসবে শারদ সম্মান ২০২৬ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে আগরতলা পৌরনিগম। এই বিষয়ে আগরতলা পৌর নিগমের কাউন্সিল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরহিত্য করেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। উপস্থিত ছিলেন নিগম কমিশনার সহ সব কটি ওয়ার্ডের নির্বাচিত জনপ্রতিনিধিরা। বৈঠকে সিদ্ধান্ত হয়, অন্যান্য বছরের মতো এবারও গোটা আগরতলা শহরকে নিয়ে পাঁচটি ক্ষেত্রের সেরার সেরা শারদ সম্মান প্রদান করা হবে। এই ক্ষেত্রগুলি হল মণ্ডপ সজ্জা ,প্রতিমা ,থিম নির্বাচন, আলোকসজ্জা এবং মহিলা পরিচালিত একটি নির্বাচিত পূজা। পাঁচটি বিভাগের সেরা সেরা পুরস্কার প্রাপক ক্লাব বা উদ্যোক্তাগুলোকে ট্রফি সহ ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। বৈঠক শেষে এই কথা জানান মেয়র দীপক মজুমদার। মেয়র আরো জানান, পাঁচটি বিভাগের সেরা সেরা পুরস্কার ছাড়াও আগরতলা পৌর নিগমের চারটি জোনাল এলাকাতেও চারটি করে মোট ১৬ টি পূজা উদ্যোক্তাদের শারদ সম্মান প্রদান করা হবে। এদের প্রদান করা হবে ২৫ হাজার টাকা করে ।সেই সাথে দেওয়া হবে সুদৃশ্য ট্রফি।