
আইনেট প্রতিনিধিঃ বিদ্যালয় শিক্ষা দপ্তরের সহযোগিতায় তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রবিবার আগরতলার মুক্তধারা অডিটোরিয়াম হলে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহা, বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা ড. সুমিত রায় চৌধুরী এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্যসহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহা বলেন, শিক্ষকরাই হলেন শিক্ষাব্যবস্থার আসল কারিগর। শিক্ষকরা যত বেশি আপডেট হবেন, তত বেশি ছাত্রছাত্রীদের শিক্ষার আলোয় এগিয়ে নিয়ে যেতে পারবেন। ছাত্রছাত্রীদের স্বনির্ভর করে তোলার ক্ষেত্রেও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী আরও জানান, কীভাবে ছাত্রছাত্রীদের স্বনির্ভর করে তোলা যায়, সেই বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে শিক্ষা দপ্তরের উদ্যোগে। তিনি শিক্ষা দপ্তরের ‘সুপার থার্টি’ প্রকল্পের সাফল্যের কথাও তুলে ধরেন। তাঁর দাবি, এই প্রকল্পের মাধ্যমে এখনও পর্যন্ত ১১ জন ছাত্রছাত্রী আইআইটিতে, ১৪ জন এমবিবিএস-এ এবং ১৬ জন এনআইটিতে ভর্তির সুযোগ পেয়েছে।