img


মানিক সরকারের কনভয়ে বাধাদানের অভিযোগ, তীব্র নিন্দা গোপাল রায়ের


 আইনেট  প্রতিনিধিঃ     রবিবার বামুটিয়ার কালীবাজারে সিপিআইএম কার্যালয়ে মোহনপুর মহকুমার ডিওয়াইএফআই-এর বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনকে কেন্দ্র করে এদিন এলাকায় রাজনৈতিক কর্মী-সমর্থকদের উপস্থিতিতে সরগরম হয়ে ওঠে কালীবাজার।   অভিযোগ, সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকারের গাড়ি ও কনভয় কালীবাজার এলাকায় পৌঁছালে বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ তাঁর কনভয়কে বাধা দেওয়ার চেষ্টা করেন। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় বলে অভিযোগ।   প্রাক্তন মুখ্যমন্ত্রীর কনভয়ে এ ধরনের বাধাদানের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বিধায়ক গোপাল রায়। তিনি ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, রাজনৈতিক  মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু গণতান্ত্রিক পরিবেশে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর চলাচলের পথে বাধা সৃষ্টি করা বা তাঁর কনভয়কে হেনস্তা করার চেষ্টা কোনোভাবেই কাম্য নয়।   গোপাল রায়ের বক্তব্য, রাজনৈতিক কর্মসূচি পালনের ক্ষেত্রে সকল দলের নেতা-কর্মীদেরই শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা উচিত। বিরোধী দলের কর্মসূচি কিংবা নেতাদের রাজনৈতিক কার্যক্রমে বাধা সৃষ্টি না করে মতাদর্শগত বিরোধ গণতান্ত্রিক পদ্ধতিতেই প্রকাশ করা প্রয়োজন।