
আইনেট প্রতিনিধিঃ ডি ওয়াই এফ আই বিভাগীয় সম্মেলনে যাওয়ার পথে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের গাড়িতে বাধা ঘিরে উত্তেজনা। ঘটনা বামুটিয়ার কালীবাজার এলাকায়। এদিন বামুটিয়ার কালীবাজারে ডিওআইএফআই'র বিভাগীয় সম্মেলন ছিল। এই সম্মেলনে প্রধান বক্তা হিসেবে যোগ দিতে যাচ্ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। কালীবাজারে হঠাৎ করে বিজেপি কর্মী সমর্থকরা প্রাক্তন মুখ্যমন্ত্রীর গন্তব্য পথে জড়ো হয়ে হায় হায় এবং গো ব্যাক শ্লোগান তুলতে থাকেন। সাথে সাথে প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত নিরাপত্তা রক্ষীরা তার গাড়ি কর্ডন করে রাখেন। এই ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যেই তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে বামুটিয়ার কালীবাজার এলাকায়। অবস্থা আরো বেগতিক আকার ধারণ করে যখন বাম কর্মীরা ঘটনার প্রতিরোধ গড়ে তুলতে রাস্তায় নামে। দুই পক্ষই সম্মুখ সমরে অবতীর্ণ হয়। মাঝখানে বিশাল পুলিশকর্মী থাকায় অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি । বাম বিধায়ক নয়ন সরকারের নেতৃত্বে ডিওআইএফআই কর্মীরা প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সম্মেলন মঞ্চে নিয়ে যান। এই ঘটনায় বিজেপি কর্মী সমর্থকদের উপর মৃদু লাঠি চালায় পুলিশ। ঘটনার তীব্র নিন্দা জানান বামুটিয়ার বাম বিধায়ক নয়ন সরকার। তিনি জানান হলের ভিতরে পূর্ব নির্ধারিত ডিওয়াইএফআই'র কর্মসূচি ছিল। বাইরে কোন কর্মসূচি ছিল না। এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে এসেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। বিজেপি দুষ্কৃতীরা প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কর্মসূচিতে যেতে বাধা দিচ্ছেন।এই ঘটনায় প্রশাসনের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন বাম বিধায়ক নয়ন সরকার। এদিকে ঘটনা প্রসঙ্গে বিস্তারিত কিছু জানাতে অস্বীকার করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।