
আইনেট প্রতিনিধিঃ উৎসবের আমেজে আজ অনুষ্ঠিত হচ্ছে এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচন। সকাল ৭টা থেকে যুবরাজনগর ব্লকের অন্তর্গত সমস্ত পুলিং স্টেশনে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ শুরুর পর থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।যুবরাজনগর ব্লকের বিডিও তথা রিটার্নিং অফিসার প্রসেনজিৎ মালাকার জানান, ব্লকের প্রতিটি পুলিং স্টেশনে নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোটগ্রহণের কাজে নিযুক্ত কর্মীদের পাশাপাশি নিরাপত্তাকর্মীরাও সক্রিয় রয়েছেন।খবর লেখা পর্যন্ত যুবরাজনগর ব্লকের অন্তর্গত এডিসি ভিলেজগুলিতে কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। রিটার্নিং অফিসার জানান, সামগ্রিকভাবে ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও স্বাভাবিক রয়েছে। বিকেল ৪টা পর্যন্ত একই পরিবেশ বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।এদিকে, ভোটগ্রহণকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় প্রশাসনিক তৎপরতা অব্যাহত রয়েছে। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত প্রশাসনের আধিকারিক ও নিরাপত্তাকর্মীরা পরিস্থিতির ওপর নজর রাখছেন।