
আইনেট প্রতিনিধিঃ সড়ক দুর্ঘটনা রোধে কেন্দ্রীয় সরকার এবং সুপ্রিম কোর্ট রাজ্যগুলিকে প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ে নির্দেশনা প্রদান করে চলছে। এরই একটি হলো রাহবীর পুরস্কার প্রদান করা যা পূর্বে গুড সামারিটান নামে অভিহিত ছিল। বুধবার পরিবহন দপ্তরের উদ্যোগে আয়োজিত রাজ্য রোড সেফটি কাউন্সিলের বৈঠকে বিভিন্ন জেলার ৮ জনকে এই রাহবীর পুরস্কার প্রদান করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে ,অর্থ সচিব প্রশান্ত গোয়েল, আরবান সচিব মিলিন্দ রামটেকে, এসপি ট্রাফিক কান্দা জাঙ্গীর, কমিশনার পরিবহন দপ্তর সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা। এই অনুষ্ঠানে গোমতী জেলার পাঁচজন ,ধলাই জেলার দুইজন এবং ঊনকোটি জেলার একজন কে রাহবীর পুরস্কারে পুরস্কৃত করা হয়। তাদের হাতে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুসারে ২৫ হাজার টাকা করে তুলে দেওয়া হয়। তাদের শংসাপত্র প্রদান করা হয়। এ দিন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী এই সংবাদ জানিয়েছেন। পরিবহন মন্ত্রী জানান , সড়ক দুর্ঘটনা ঘটলে আগে পুলিশের হয়রানি এবং আইনি হয়রানির জন্য অনেকেই আহত ব্যক্তিদের ধরতে যেতেন না। এই বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে ,আহত ব্যক্তিকে উদ্ধারে কোনরকম আইনি বা পুলিশি হয়রানি চলবে না। আগে দুর্ঘটনাগ্রস্তকে হাসপাতালে পৌঁছে দিতে হবে। মন্ত্রী আরো বলেন, এর মূল উদ্দেশ্য হলো জনগণকে অনুপ্রাণিত করা।