
আইনেট প্রতিনিধিঃ পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের গুরুত্বপূর্ণ বৈঠক ছিল বুধবার। পশ্চিম জেলার জেলা শাসকের কনফারেন্স হলে ছিল এই বৈঠক। অভিযোগ ,বৈঠকের সময়সূচী সম্পর্কে বিস্তারিতভাবে জানানো হয়নি বিরোধী বিধায়ক গোপাল চন্দ্র রায় কে। বুধবার তিনি ১টার কিছু আগে পশ্চিম জেলার জেলা শাসকের কনফারেন্স হলে উপস্থিত হন। ১টায় বৈঠক শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সেখানে তখন একজনও উপস্থিতছিলেন না। একজন কর্মচারীও সেখানে উপস্থিত ছিলেন না। বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন কংগ্রেস বিধায়ক গোপালচন্দ্র রায়। তিনি বলেন ,প্রাথমে এগারটায় বৈঠক হওয়ার কথা ছিল। মঙ্গলবার তাকে একটায় বৈঠক শুরু হবে বলে জানানো হয়। সেই মতো তিনি বৈঠকে উপস্থিত হতে এসেছেন। কিন্তু বৈঠকে যোগ দিতে এসে তিনি জানতে পারেন বৈঠক শুরু হবে বেলা ২ টায়। বৈঠকের সময়ের পরিবর্তনের কথা তাকে আগে জানানো হয়নি। বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে বৈঠক বয়কট করেই চলে যান বিধায়ক গোপাল চন্দ্র রায়। এদিন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের নীতি-নির্ধারণের এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া মন্ত্রী নির্দিষ্ট সময়েই বৈঠকে উপস্থিত হন ।অর্থাৎ তাকে জানানো হয়েছিল বৈঠক দুইটার সময় শুরু হবে ।কিন্তু কর্তৃপক্ষ বিধায়ক গোপাল চন্দ্র রায় কে বিষয়টি জানানোর প্রয়োজন বোধ করেনি।