img


গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য


আইনেট  প্রতিনিধিঃ   নতুনবাজার থানার অন্তর্গত রামভদ্র এলাকায় ১২ বছরের এক সপ্তম শ্রেণির পড়ুয়া গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গুলিবিদ্ধ ছাত্রের নাম মারহেন রিয়াং। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে গোমতী জেলা হাসপাতালে।

সংবাদে জানা যায়, কোনো এক সময় মারহেন রিয়াং গুলিবিদ্ধ হয়। তার শরীরের পেছনের অংশে গুলি লাগে এবং গুলিটি শরীর ভেদ করে সামনের পেটের অংশ দিয়ে বেরিয়ে যায় বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে অমরপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে গোমতী জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়।

তবে ঠিক কীভাবে এবং কোন পরিস্থিতিতে মারহেন গুলিবিদ্ধ হয়েছে, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। পরিবারের সদস্যদের পক্ষ থেকেও ঘটনার বিষয়ে স্পষ্টভাবে কিছু জানানো সম্ভব হয়নি। ফলে ১২ বছরের ওই পড়ুয়া কীভাবে গুলিবিদ্ধ হলো, তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এদিকে, ঘটনার প্রকৃত কারণ এবং গুলিবিদ্ধ হওয়ার পরিস্থিতি খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। তদন্তের পরই পুরো ঘটনার প্রকৃত রহস্য সামনে আসবে।