
আইনেট প্রতিনিধিঃ এডিসির ভিলেজ কমিটির ভোট গণনাকে কেন্দ্র করে খোয়াইয়ে পুলিশের লাঠির আঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম মতিলাল কর্মকার ।তিনি চাম্পা হাওড় এলাকার তিপ্রা মথা দলের লোকাল কমিটি স্থানীয় নেতৃত্ব ছিলেন। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। সোমবার আগরতলা প্রেসক্লাবে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘটনা প্রসঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সব ভালো যার ,শেষ ভালো তার ।সবাইকেই সব দিকে নজর রেখে চলতে হবে। এত সুন্দর এবং শান্তিপূর্ণ একটা নির্বাচন অনুষ্ঠিত হলো। সেখানে এই ধরনের ঘটনার কোন মানে হয় না। একটি প্রাণ অকালে চলে গেল। মুখ্যমন্ত্রী জানান, নিহত ব্যক্তির পরিবারের পাশে থাকবে সরকার। পরিবারটিকে সাহায্য সহযোগিতা প্রদান করা হবে বলেও জানান তিনি। এদিকে এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে খোয়াই মহকুমায় চাপা রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে। গোটা পরিস্থিতির উপর নজর রেখে চলছে প্রশাসন।