
আইনেট প্রতিনিধিঃ পরীক্ষা দিতে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ খোয়াইয়ের এক কলেজছাত্রীকে ঘিরে ক্রমেই রহস্য ঘনীভূত হচ্ছে। নিখোঁজ ছাত্রীর সন্ধান না মেলায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন তার মা-বাবা। এরই মধ্যে সামাজিক মাধ্যমে ওই ছাত্রীর বিয়ের ছবি ভাইরাল হওয়ায় ঘটনাকে ঘিরে নতুন করে রহস্যের সৃষ্টি হয়েছে। তবে কার সঙ্গে, কোথায় এবং কীভাবে ওই বিয়ে হয়েছে, সে বিষয়ে এখনও পরিবারের কাছে স্পষ্ট কোনও তথ্য নেই।নিখোঁজ কলেজছাত্রীর নাম পঞ্চমী শীল। বাড়ি খোয়াই থানার অন্তর্গত লালছড়া এলাকায়। পঞ্চমী ইকফাই কলেজের বি.এম.এল.টি বিভাগের ছাত্রী ছিলেন। পড়াশোনার সুবিধার জন্য তিনি কলেজ সংলগ্ন এলাকায় এক আত্মীয়ের বাড়িতে থাকতেন বলে পরিবার সূত্রে জানা গেছে।গত ৩০ সেপ্টেম্বর বাবা অনুপ শীলের সঙ্গে শেষবার ফোনে কথা হয় পঞ্চমীর। সেই সময় পঞ্চমী জানিয়েছিলেন, তিনি পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছেন। এরপর থেকেই তার সঙ্গে আর কোনও যোগাযোগ করা সম্ভব হয়নি। বারবার ফোন করেও সাড়া না পাওয়ায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। আত্মীয়-স্বজন ও পরিচিতদের কাছে খোঁজ করেও পঞ্চমীর সন্ধান না মেলায় ওই রাতেই লেফুঙ্গা থানায় নিখোঁজ সংক্রান্ত মামলা করা হয়। অভিযোগ, মামলা করার পরও মেয়ের সন্ধানে পুলিশের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা তারা পাননি। বিষয়টি নিয়ে পরিবারের মধ্যে ক্ষোভও তৈরি হয়েছে। ঘটনার কয়েকদিন পর সামাজিক মাধ্যমে পঞ্চমী শীলের একটি বিয়ের ছবি ভাইরাল হয়। ছবিটি সামনে আসার পর পরিবারের উদ্বেগ আরও বেড়ে যায়। ছবিতে পঞ্চমীকে দেখা গেলেও তার সঙ্গে কার বিয়ে হয়েছে, কোথায় বিয়ে হয়েছে কিংবা বর্তমানে তিনি কোথায় রয়েছেন—এসব বিষয়ে তারা নিশ্চিত কোনও তথ্য পাননি। পঞ্চমীর মোবাইল ফোনও এখনও বন্ধ রয়েছে।