
আইনেট প্রতিনিধিঃ বুধবার সেই ৭ অক্টোবর, ২৫ বছর আগে এই দিনেই গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন আজকের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৩ বছর গুজরাটের মুখ্যমন্ত্রীত্ব এবং একটানা ১২ বছর দেশের প্রধানমন্ত্রী হিসেবে কাজ করার এই ঐতিহাসিক অনুষ্ঠানটি গোটা দেশে সেবা সংকল্প অভিযান হিসেবে পালিত হচ্ছে। এক মাস ব্যাপী এই কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার আগরতলার শিশু উদ্যানে আয়োজিত হয় সেবা জ্যোতি যাত্রা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ,মন্ত্রী সুশান্ত চৌধুরী ,মন্ত্রী সান্তনা চাকমা ,বিধায়ক রতন চক্রবর্তী ,পশ্চিম জেলার জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ অন্যান্যরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহরের বিভিন্ন মন্ডল কমিটির কর্মী সমর্থকরাও। উপস্থিত সকলে মিলে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনেন। এই অনুষ্ঠান প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, সবাই ভালো অভিভাবক চায়, আমরা এমন একজন ভালো এবং স্বচ্ছ অভিভাবক পেয়েছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোন লক্ষ্যে দেশকে এগিয়ে নিয়ে চলছেন তা মানুষ বুঝতে পেরেছেন। প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশ , বিশ্বাস এবং প্রয়াসের মাধ্যমে গরিব মানুষের উন্নতি কল্পে কাজ করে চলছেন। প্রধানমন্ত্রীর স্বপ্ন বিকশিত ভারত যেন সার্থক হয় সেই লক্ষ্যে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন ,গোটা দেশ এবং রাজ্য এই পথেই এগিয়ে চলছে।