
আইনেট প্রতিনিধিঃ সমাজকল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার এবং পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। আগরতলার নজরুল কলাক্ষেত্রে আয়োজিত এই অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম দশে স্থানাধিকারী শিক্ষার্থীদের পাশাপাশি পশ্চিম ত্রিপুরা জেলার ষষ্ঠ থেকে নবম শ্রেণি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে প্রথম বিভাগে উত্তীর্ণ মেধাবী ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিশ্বজিৎ শীলসহ প্রশাসনের আধিকারিক, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও কৃতী শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, বর্তমানে কর্মক্ষেত্রে শিক্ষার পাশাপাশি দক্ষতা ও প্রতিভার গুরুত্ব রয়েছে। উচ্চ মাধ্যমিক বা স্নাতক উত্তীর্ণের সংখ্যা অনেক হলেও দক্ষতাসম্পন্ন যুবক-যুবতীর প্রয়োজন রয়েছে। নতুন শিক্ষানীতিতে শিক্ষার পাশাপাশি আত্মনির্ভরতার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে ছাত্রছাত্রীদের সহযোগিতা করা হচ্ছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানের শেষে মেধাবী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দিয়ে তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।