
আইনেট প্রতিনিধিঃ সাধারণ মানুষের কাছে বিনামূল্যে উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ধর্মনগর প্রেস ক্লাবের উদ্যোগে শুক্রবার, ৯ অক্টোবর ধর্মনগরের বিবেকানন্দ সার্ধশতবর্ষিকী ভবনে এক মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা পরামর্শ গ্রহণ করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক জহর চক্রবর্তী, মহকুমাশাসক দেবযানী চৌধুরী, হেপাটাইটিস বি-এর কর্মকর্তা দিব্যজ্যোতি দেবনাথ এবং ধর্মনগর শাখা সম্পাদক শিবশঙ্কর রায়-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। উপস্থিত ছিলেন ধর্মনগর প্রেস ক্লাবের সভাপতি বুদ্ধ ভূষণ দে সরকার, সম্পাদক রূপক দেবনাথ এবং ক্লাবের সদস্যরা।অতিথিদের উত্তরীয় পরিয়ে সম্মান জানানোর পর বৃক্ষে জলসেচনের মাধ্যমে শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি বুদ্ধ ভূষণ দে সরকার। পরে বিধায়ক জহর চক্রবর্তী স্বাস্থ্য পরিষেবার গুরুত্ব তুলে ধরেন।শিবিরে মেডিসিন, স্ত্রীরোগ, ইউরোলজি ও নেফ্রোলজিসহ বিভিন্ন বিভাগের অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত থেকে রোগীদের পরামর্শ দেন। একই ছাদের নিচে একাধিক বিভাগের চিকিৎসা পরিষেবা পাওয়ার সুযোগ পেয়ে উপকৃত হন সাধারণ মানুষ।স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং বিনামূল্যে চিকিৎসা পরামর্শ প্রদানের ক্ষেত্রে প্রেস ক্লাবের এই উদ্যোগ প্রশংসিত হয়। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত ব্যক্তিরা।