img


সোনামুড়া চৌমুহনীতে তিনতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু, এলাকায় চাঞ্চল্য


আইনেট  প্রতিনিধিঃ     উদয়পুরের সোনামুড়া চৌমুহনী এলাকায় তিনতলা বিশিষ্ট একটি ভবনের উপর থেকে ছিটকে নিচে পড়ে মৃত্যু হলো এক নির্মাণ শ্রমিকের

মৃত্যু শ্রমিকের নাম লিটন দেব(৪০) শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে ঠিক কী কারণে ওই নির্মাণ শ্রমিক উপর থেকে নিচে পড়ে গেলেন, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে রহস্য।

স্থানীয় সূত্রে জানা যায়, নির্মাণকাজ চলাকালীন কোনও এক সময় তিনতলা ভবনের উপর থেকে নিচে ছিটকে পড়েন ওই শ্রমিক। তাঁর নিচে পড়ার বিকট শব্দ শুনতে পেয়ে আশপাশের লোকজন এবং নির্মাণকাজে নিযুক্ত অন্যান্য শ্রমিকরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। সেখানে এসে তাঁরা দেখতে পান, রাস্তার পাশে ড্রেনের কালভার্টের উপর রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ওই শ্রমিক।

ঘটনার পরপরই খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। খবর পেয়ে দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় ওই শ্রমিককে উদ্ধার করেন। এরপর তাঁকে চিকিৎসার জন্য টেপানিয়াস্থিত গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে, এই মর্মান্তিক ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আর. কে. পুর থানার পুলিশ। কীভাবে ওই শ্রমিক তিনতলা ভবনের উপর থেকে নিচে পড়ে গেলেন, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। এটি নিছক দুর্ঘটনা, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা তদন্তের পরেই স্পষ্ট হবে।