
আইনেট প্রতিনিধি ঃ পুরাতন মোটর স্ট্যান্ড এলাকায় গড়ে ওঠা মাল্টিলেভেল কার পার্কিংয়ের আদলে বটতলা এবং নেতাজী চৌমুহনিতে গড়ে তোলা হবে মাল্টিলেভেল কার পার্কিং। এই বিষয়ে চিন্তাভাবনা শুরু করেছে রাজ্য সরকার। শনিবার এডি নগর পুলিশ গ্রাউন্ডে সড়ক সুরক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে এই কথা বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি আরো বলেন, রাজধানী আগরতলায় যে সকল বড় বড় বাড়ি ঘর তৈরি হচ্ছে সেই সকল জায়গায় কার পার্কিংয়ের জন্য নির্দিষ্ট জায়গা থাকতে হবে। অন্যথায় গাড়ির কোম্পানিগুলি যেন তাদের কাছে গাড়ি বিক্রি না করে তার জন্য ব্যবস্থা নিতে হবে। এমনকি, পার্কিং এর ব্যবস্থা না থাকলে সেই বাড়ি নির্মাণে অনুমতি যেন না দেওয়া হয় সেই ধরনের নির্দেশও পিডাব্লিউডি'কে দেওয়া হয়েছে। মূলত সারা রাজ্যের সাথে রাজধানী আগরতলায় ক্রমবর্ধমান যানবাহনের সংখ্যা এবং রোড সংকুলানের বিষয়টি মাথায় রেখে এই সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার। এরপরই, ব্যক্তিগত যানবাহন ব্যবহার করার ক্ষেত্রে রাজ্য সরকারের বড়সড় চিন্তাধারার কথা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, ব্যক্তিগত যানবাহন ব্যবহারের সংখ্যা কমানোর উপর রাজ্য সরকার কাজ শুরু করেছে। যেই বাড়িতে একটি যান থাকলে যথেষ্ট, সেখানে দেখা যায় একের অধিক যানবাহন রয়েছে। সেগুলির ট্যাক্স বৃদ্ধি করে কিংবা অন্য কোন ব্যবস্থায় নিয়ন্ত্রণ করা যায় কিনা সেই বিষয়ে আলোচনা চলছে।