img


বিক্ষোভকারীদের বেআইনিভাবে আটক করা যাবে না: ভারতের সুপ্রিম কোর্ট


আইনেট  প্রতিনিধিঃ     শান্তিপূর্ণ ও নিরস্ত্র বিক্ষোভকারীদের বেআইনিভাবে আটক করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। একই সঙ্গে দিল্লি মেট্রো ও রেল পরিষেবা যেন স্বাভাবিক থাকে, ইন্টারনেট সংযোগ ব্যাহত না হয় এবং জনসাধারণের অবাধ চলাচল বাধাগ্রস্ত না হয় সেই নির্দেশনাও দেওয়া হয়েছে।       সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহনার বিশেষ বেঞ্চ এ আদেশ দেয়। খবর হিন্দুস্তান টাইমসের।    বিচারপ্রার্থীদের ন্যায়বিচারের সুযোগ নিশ্চিত করতে সুপ্রিম কোর্ট এবং অন্য আদালত চত্বরের আশপাশে জারি করা বিধিনিষেধমূলক নোটিশ প্রত্যাহারে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।     সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ নির্দেশ দেয়, সংবিধানের ১৯(২) অনুচ্ছেদের আওতায় জনশৃঙ্খলা রক্ষার প্রয়োজনে বিধিনিষেধ আরোপের প্রয়োজন না হলে মেট্রো ও রেল পরিষেবা স্বাভাবিকভাবে চলতে হবে। আইন মেনে শহরে মানুষের অবাধ চলাচলের অনুমতি দিতে হবে, আইন অনুযায়ী ইন্টারনেট পরিষেবা অব্যাহত রাখতে হবে এবং আইন পদ্ধতি ছাড়া কাউকে আটক করা যাবে না; বিশেষ করে ‘ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার’ ১৬৩ ধারার অধীনে জারি করা নিষেধাজ্ঞার আওতাবহির্ভূত এলাকায় শান্তিপূর্ণ ও নিরস্ত্র সমাবেশের ক্ষেত্রে।