
আইনেট প্রতিনিধিঃ স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের আগে প্রশাসনিক ও সাংগঠনিক প্রস্তুতি সম্পন্ন করতে আরও সময় নিতে চায় বিএনপি। দীর্ঘদিন ধরে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন পর্যায়ে অচলাবস্থা এবং নির্বাচনে একই পদে দলের একাধিক প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা বিবেচনায় নিয়ে নির্বাচন আয়োজনের বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে দলটি। শনিবার (১০ অক্টোবর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়া বৈঠক চলে রাত ৯টা পর্যন্ত। এতে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।দলীয় সূত্র জানায়, বৈঠকে মূলত আসন্ন দুর্গাপূজার নিরাপত্তা ও স্থানীয় সরকার নির্বাচন—এই দুটি বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক সূত্র জানায়, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ও স্থায়ী কমিটির সদস্য ইসমাঈল জবিউল্লাহ সম্প্রতি জেলা, মহানগর, উপজেলা ও পৌরসভার শীর্ষ নেতাদের সঙ্গে অনুষ্ঠিত অনলাইন বৈঠকের আলোচনার বিষয়বস্তু দলের চেয়ারম্যানের কাছে তুলে ধরেন। এ সময় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে কার্যকর অবস্থায় ফিরিয়ে আনা এবং নির্বাচনে সম্ভাব্য বিভেদ ও কোন্দল এড়াতে আগেভাগে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি বলে মত দেন স্থায়ী কমিটির সদস্যরা। তবে কয়েকজন নেতা যত দ্রুত সম্ভব প্রস্তুতি সম্পন্ন করে নির্বাচন আয়োজনের পক্ষেও মত দেন।