
আইনেট প্রতিনিধিঃ রাজনৈতিক দল হিসেবে এডিসি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জনজাতিভিত্তিক রাজনৈতিক সংগঠন ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা বা আইপিএফটি। সদ্য সমাপ্ত ভিলেজ কমিটির নির্বাচনেও এই দল এনডিএ'র সমর্থনে থেকে প্রতিদ্বন্দিতা করে। ভিলেজ কমিটির নির্বাচনে আইপিএফটির হয়ে ৩৫৬ জন প্রার্থী প্রতিযোগিতা করেছিলেন ।এছাড়া আইপিএফটির সমর্থনে আরো ৪৪ জন প্রার্থী নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন ।এদের মধ্যে নির্দল সহ ৬৩ জন প্রার্থী নির্বাচনে জয়লাভ করে। নির্বাচিত প্রার্থী এবং বিজিত প্রার্থীদের রবিবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সংবর্ধনা প্রদান করে দল। একই সাথে এডিসি নির্বাচনে বিজিত প্রার্থীদেরও এই অনুষ্ঠানে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের সভাপতি প্রেম কুমার রিয়াং ,সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা এবং মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই অনুষ্ঠানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াদিয়া জানান, এনডিএর মধ্যে থেকেই দল ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। বিষয়টি নিয়ে পুজোর পরে এনডিএ নেতৃবৃন্দের সাথে আলোচনা করা হবে। নির্বাচনের রূপরেখা এবং রণনীতি নির্ধারণ করা হবে। মন্ত্রী আরো জানান, পূজোর পরেই মহকুমা ভিত্তিক ,জেলা ভিত্তিক, ব্লক ভিত্তিক এবং তৃণমূল স্তরে সংগঠন মজবুত করতে মাঠে নেমে পড়বেন নেতৃবৃন্দ।