
আইনেট প্রতিনিধিঃ দুর্গাপুজোর চাঁদা আদায়কে কেন্দ্র করে উত্তেজনা। কুমারঘাটের ইয়ুথ ক্লাবের বিরুদ্ধে জুলুমবাজি ও গাড়িচালককে মারধরের অভিযোগ তুলে মঙ্গলবার সকাল দশটা থেকে পেঁচারথল গেট সংলগ্ন জাতীয় সড়ক অবরোধ করেন যানবাহন শ্রমিকরা। আন্দোলনকারীদের অভিযোগ, গত ৯ অক্টোবর পেঁচারথলের গাড়িচালক প্রদীপ চাকমাকে কুমারঘাট এলাকায় আটক করে ইয়ুথ ক্লাবের সদস্যরা। তাঁর কাছে ১০ হাজার টাকা পুজোর চাঁদা দাবি করা হয়। সেই টাকা দিতে অস্বীকার করায় তাঁকে ক্লাবে নিয়ে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় আহত চালককে হাসপাতালে ভর্তি হতে হয় বলেও দাবি আন্দোলনকারীদের।আক্রান্ত গাড়িচালকের বোন জয়া চাকমার অভিযোগ, পানিসাগর থেকে কাঠের তৈরি সামগ্রী নিয়ে যাওয়ার সময় প্রদীপকে আটক করে চাঁদা দাবি করা হয়। পরে তাঁর গাড়িতে অবৈধ কাঠ ঢুকিয়ে দিয়ে দুই লক্ষ টাকা দাবি করা হয় বলেও অভিযোগ করেন তিনি।
ঘটনায় কুমারঘাট ও পেঁচারথল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান জয়া। কিন্তু অভিযোগ জানানোর পরও ন্যায়বিচার না মেলায় তাঁরা অবরোধে সামিল হয়েছেন বলে দাবি তাঁর। চাঁদার জুলুম বন্ধের পাশাপাশি অভিযুক্ত ক্লাবের পুজো বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন তিনি।