
আইনেট প্রতিনিধিঃ ধলাই জেলা হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক গৌতম দেবনাথকে বদলি করার প্রতিবাদে সড়ক অবরোধে সামিল হলেন হাসপাতাল সংলগ্ন এলাকার ক্ষুব্ধ বাসিন্দারা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ আমবাসা-কমলপুর সড়ক অবরোধ করে প্রতিবাদ জানাতে শুরু করেন তাঁরা। প্রায় দুই ঘণ্টা ধরে চলে এই অবরোধ কর্মসূচি। পরে ধলাই জেলা হাসপাতালের মেডিকেল সুপারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। উল্লেখ্য, ধলাই জেলা হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক গৌতম দেবনাথকে সম্প্রতি গণ্ডাছড়ায় বদলি করা হয়েছে। এই বদলির খবর সামনে আসতেই ক্ষোভ ছড়িয়ে পড়ে হাসপাতাল সংলগ্ন এলাকার বাসিন্দাদের মধ্যে। তাঁদের অভিযোগ, ধলাই জেলা হাসপাতাল থেকে একের পর এক বিশেষজ্ঞ চিকিৎসককে বদলি করা হচ্ছে। এর ফলে হাসপাতালের চিকিৎসা পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে সাধারণ ও দরিদ্র রোগীদের চিকিৎসার ক্ষেত্রে সমস্যা আরও বাড়তে পারে বলে মনে করছেন তাঁরা। এলাকাবাসীদের বক্তব্য, কিছুদিন আগেই হাসপাতাল থেকে একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসককে বদলি করা হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক গৌতম দেবনাথকে অন্যত্র বদলি করা হয়েছে। তাঁদের মতে, জেলা হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসা প্রতিষ্ঠানে পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক থাকা অত্যন্ত জরুরি। একের পর এক বিশেষজ্ঞ চিকিৎসককে বদলি করা হলে স্বাভাবিকভাবেই চিকিৎসা পরিষেবার উপর তার নেতিবাচক প্রভাব পড়বে।