
আইনেট প্রতিনিধিঃ টেট আন্দোলনকারীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। বললেন আইনি জট কাটলেই টেট-ওয়ান প্রার্থীদের বিষয়ে আলোচনা করা হবে। গ্র্যাজুয়েট টেট-টু শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় তথ্য প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা পরিষ্কার জানিয়েছেন যে টেট-ওয়ান এর সমস্যাটি বর্তমানে বিচারাধীন অবস্থায় রয়েছে, তাই এই বিষয়ে এই মুহূর্তে বিশেষ কিছু বলা সম্ভব নয়। আইনি জট বা সাব-জুডিস পর্যায় থেকে বেরিয়ে আসার পরেই টেট-ওয়ান উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে আলোচনা করা সম্ভব হবে বলে তিনি জানান। অন্যদিকে, গ্র্যাজুয়েট টেট-টু শিক্ষক নিয়োগের বিষয়ে মুখ্যমন্ত্রী জানান ১,০২০ জন প্রার্থীর মধ্যে যোগ্যতার ভিত্তিতে টিআরবিটি'র মাধ্যমে ৭৬৬ জনের নাম দপ্তরে পাঠানো হয়েছে। আগামীকালই হাপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে তাদের নিয়োগপত্র তুলে দেওয়া হবে। তবে নির্দিষ্ট সংখ্যক পদ থাকা সত্ত্বেও সেখানে ২৩৩ জন এসটি প্রার্থী, ২৩ জন এক্স-সার্ভিসম্যান এবং ২০ জন শারীরিক প্রতিবন্ধী প্রার্থী পাওয়া যায়নি, যার ফলে সম্পূর্ণ শূন্যপদ পূরণ করা সম্ভব হয়নি। পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, মোট ১,৫০২ জন টেট-টু সার্টিফিকেটধারী রয়েছেন, যাদের বিষয়টি নিয়ে সরকার বর্তমানে বিবেচনা করছে এবং পরবর্তী সময়ে এ বিষয়ে উপযুক্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া সুপ্রিম কোর্টে এসটিজিটি-র ২৩০টি পদে নিয়োগ সংক্রান্ত সংরক্ষণ মামলা মূলতুবি থাকায় এসটিজিটি-র নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা যায়নি। তবে মাধ্যমিকের জন্য স্নাতক শিক্ষকদের ঘাটতি মেটাতে টিআরবিটি বোর্ডের মাধ্যমে ৭০০টি নতুন পদে শিক্ষক নিয়োগের জন্য ৬৮৬ জনের নাম প্রস্তাব করা হয়েছে এবং তাদেরও আগামীকাল নিয়োগপত্র দেওয়া হবে।