
আইনেট প্রতিনিধিঃ শরতের আগমনে সর্বত্রই এখন পুজোর হাওয়া। আর মাত্র দিন কয়েকের অপেক্ষা। তাই ঊনকোটি জেলাতেও জোর কদমে চলছে ঊমা বরণের প্রস্তুতি। ফটিকরায়ে দুর্গাপুজোর মণ্ডপেই এবার ফুটে উঠবে মায়াপুর ইসকন মন্দিরের প্রতিচ্ছবি। তারজন্য পূজো উদ্যোক্তা ও নির্মাণ শ্রমিকদের মধ্যে চলছে জোর ব্যস্ততা। কেউ ব্যাস্ত মন্ডপের সাজশয্যায়, কেউ আবার কাদামাটির প্রলেপ দিয়ে গড়ে তুলছেন দেবীর অবয়ব। শেষ মুহূর্তে পুজোকে ঘিরে কার্যত তুঙ্গে পুজো প্রস্তুতি।
ঊনকোটি জেলার ফটিকরায়ে দ্বিতীয় বছরের দুর্গোৎসবে দর্শনার্থীদের চমক দিতে প্রস্তুতি নিচ্ছে আমি হিন্দু দুর্গাপূজা কমিটি।
পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা হতেই রাজ্যজুড়ে দুর্গাপুজোর প্রস্তুতি এখন কার্যত মধ্য গগনে। শহরের পাশাপাশি গ্রামীণ এলাকাতেও চলছে নজরকাড়া মণ্ডপ তৈরি থেকে সুদৃশ্য প্রতিমা নির্মাণের কাজ। সেই আবহে ফটিকরায় দ্বাদশশ্রেণি বিদ্যালয়ের মাঠে আমি হিন্দু পূজা কমিটির উদ্যোগে নবদ্বীপের শিল্পীদের হাত ধরে তৈরি হচ্ছে মায়াপুর ইসকন মন্দিরের আদলে পুজো মণ্ডপ।
পুজো কমিটির সহ-সম্পাদক রাজীব দাস জানান, সংগঠনের নামের সঙ্গে সামঞ্জস্য রেখে আধ্যাত্মিকতার বার্তা ছড়িয়ে দিতেই এই বিশেষ উদ্যোগ তাদের। দর্শনার্থীরা যাতে নিজেদের এলাকায় থেকেই মায়াপুর ইসকন মন্দিরের আদলে তৈরি মণ্ডপ দেখার সুযোগ পান, সেটাই অন্যতম লক্ষ্য তাঁদের। এবারের পুজোয় তাদের বাজেট প্রায় ২৭ লক্ষ টাকা। পঞ্চমীতে মণ্ডপের উদ্বোধন এবং সপ্তমী থেকে নবমী পর্যন্ত দর্শনার্থীদের জন্য প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকছে বলে জানালেন পুজো কমিটির সহ-সম্পাদক।