
আইনেট প্রতিনিধিঃ হলদিয়ায় ৬,০০০ কোটি টাকার শিল্প বিনিয়োগকে সামনে রেখে রাজ্যের অর্থনৈতিক নীতি নিয়ে নতুন বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যকে ভাতা-নির্ভরতা থেকে বের করে শিল্প ও কর্মসংস্থাননির্ভর অর্থনীতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার উপর জোর দিলেন তিনি। তাঁর বক্তব্য,পশ্চিমবঙ্গকে আত্মনির্ভর করে তুলতে হলে বিনিয়োগের পাশাপাশি স্থানীয় যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে। তবে শিল্পে বিনিয়োগের সুফল যাতে রাজ্যের যুবসমাজের কাছে পৌঁছয়, তা নিশ্চিত করার উপর বিশেষ গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, দক্ষ কর্মীর সন্ধানে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলির সঙ্গে শিল্প সংস্থাগুলির যোগাযোগ বাড়ানো প্রয়োজন। হলদিয়া হাইট কলেজ, আইটিআই এবং দুর্গাচকের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে যোগ্য কর্মী নিয়োগের জন্য ক্যাম্পাসিংয়ের উদ্যোগ নেওয়ার কথা বলেন তিনি।