
আইনেট প্রতিনিধিঃ ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। রাষ্ট্র মালিকানাধীন বহুজাতিক তেল কোম্পানি আরামকোর সদরদপ্তরে হামলার পর তারা এই হুঁশিয়ারি দিল। ইরান সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে জানিয়েছেন, তাঁদের বাহিনী ধাহরান শহরে আরামকো লক্ষ্য করে সুনির্দিষ্ট সামরিক অভিযান চালিয়েছে। পাশাপাশি রাজধানী রিয়াদের বিমানবন্দর ও একটি তেল শোধনাগারেও আঘাত হানা হয়েছে।
তিনটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, গত মঙ্গলবার রাতে ধাহরানে ওই হামলায় আরামকো ভবনে আগুন লাগে। যা পরে বেশ কয়েকটি তলায় ছড়িয়ে পড়ে। তবে সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের দাবি, কেবল সীমিত পরিসরে আগুন লেগেছিল। হতাহতের ঘটনা নেই।
বুধবার ইয়াহিয়া সারে বলেন, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়। ‘সৌদি শত্রুদের’ বিমানবন্দর ও তেল স্থাপনাগুলো লক্ষ্য করে আগামী দিনগুলোতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
হুতিদের দাবি, ইয়েমেনে সৌদি আরবের চালানো হামলার প্রতিশোধ হিসেবে এসব অভিযান পরিচালিত হচ্ছে।
চলতি সপ্তাহে সৌদি আরবকে বেশ কয়েকটি বড় ধরনের হামলার মুখে পড়তে হয়েছে। গত শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো এক হামলায় ১৩ জন নিহত হন।