img


খোয়াইয়ে ২৪ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ১৫ কোটি ব্যয়ে বহুতল বাণিজ্যিক ভবনের ভূমিপূজন মুখ্যমন্ত্রীর


 আইনেট  প্রতিনিধিঃ    খোয়াইয়ের পরিকাঠামোগত উন্নয়নে নতুন সংযোজন। প্রায় ২৪ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা। একই সঙ্গে খোয়াইয়ে ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য বহুতল বাণিজ্যিক ভবন ও পার্কিং কমপ্লেক্সের ভূমিপূজন করেন তিনি। এই প্রকল্পগুলির বাস্তবায়নের মধ্য দিয়ে খোয়াইয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও গতি বৃদ্ধি পাবে বলে আশা। আজ দুপুরে খোয়াই শহরের সুভাষপার্ক বইমেলা মাঠে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সূচনা হয় চারা গাছে জল সিঞ্চনের মাধ্যমে। এরপর মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি প্রায় ২৪ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন। পাশাপাশি ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য বহুতল বাণিজ্যিক ভবন ও পার্কিং কমপ্লেক্সের ভূমিপূজন করা হয়।

খোয়াই শহরের বাণিজ্যিক পরিকাঠামো সম্প্রসারণ এবং পার্কিং ব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রে প্রস্তাবিত বহুতল বাণিজ্যিক ভবন ও পার্কিং কমপ্লেক্সটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা, বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা সমিত রায় চৌধুরী, খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়, জেলাশাসক রজত পন্থ, জেলা পুলিশ সুপার ভোগতি জগদেশ্বর রেড্ডি, বিধায়ক পিনাকী দাস চৌধুরী,   মুখ্য সচেতক কল্যাণী রায়-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।