img


কুমারঘাট শহরের বাজারেই উধাও কেনাকাটার চেনা উন্মাদনা।


আইনেট  প্রতিনিধিঃ        রাত পোহালেই দেবীর বোধন,   চারদিকে এখন শুধুই পুজোর আবহ। কিন্তু উৎসবের মরশুমেও খোদ কুমারঘাট শহরের বাজারেই উধাও কেনাকাটার চেনা উন্মাদনা। নতুন পোশাক আর কসমেটিকসের দোকানে নেই তেমন ক্রেতার ভিড়। ফলে দোকানগুলোতে দেখা যাচ্ছে বিক্রির খরা। আর্থিক সংকট, অনলাইন কেনাকাটা ও শপিংমলের দাপটে পুজোর বাজারে কার্যত ম্লান স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের মুখের হাসি।

ঊনকোটি জেলার কুমারঘাট শহরে রিলায়েন্স ট্রেন্ডস ও মেট্রো বাজারের মতো শপিংমলতো ছিলই, পাশাপাশি পুজোর মুখে নতুন করে শহরে ব্যবসা শুরু করেছে বিশাল মেগামার্ট নামে আরো একটি ঝা চকচকে শপিং মল। পুজোর মুখে ক্রেতাদের আকৃষ্ট করতে রকমারি অফার চলছে বিভিন্ন মলের তরফে। এই পরিস্থিতিতে আকর্ষণীয় অফারের সঙ্গে পাল্লা দিতে গিয়ে সমস্যায় পড়ছেন স্থানীয় ব্যবসায়ীরা। শহরের কাপড় ব্যবসায়ী মিঠন পালের কথায়, মহালয়ার দুদিন আগে থেকে শুরু হয়েছে পূজোর বাজার। তার মতে, বড় দোকানগুলিতে কিছু ক্রেতা থাকলেও ক্ষুদ্র ও মাঝারি পর্যারের দোকানগুলোতে আশানুরূপ নয় পুজোর বিক্রি। পুজোর মুখে শহরে চালু হওয়া শপিংমলের সরাসরি প্রভাব ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের উপর পড়েছে বলে মন্তব্য করেন কুমারঘাটের মিঠন টেক্সটাইলের কর্ণধার।