
আইনেট প্রতিনিধিঃ পা ঞ্জাব বর্তমানে মাদক, গ্যাংস্টারবাদ এবং সংগঠিত অপরাধের ক্রমবর্ধমান হুমকির মোকাবিলা করছে। একথা বলেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ ‘এক্স’-এ একটি পোস্টে বলেছেন, “পাঞ্জাব আজ মাদক, গ্যাংস্টারবাদ ও সংগঠিত অপরাধের ক্রমবর্ধমান হুমকির সঙ্গে লড়াই করছে। পাঞ্জাব সরকারের সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো- পাঞ্জাবের জনগণের নিরাপত্তার দায়িত্ব শেষ পর্যন্ত কে নেবে? দিরবা-তে চাপের মুখে এক পিতার বিষপান করা এবং মানসাতে মাদকবিরোধী কণ্ঠস্বর তোলা পারভিন্দর সিং ঝোটাকে দিনের আলোয় হত্যা করার ঘটনা পাঞ্জাবের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। পারভিন্দরের বাবা পাঞ্জাব সরকার এবং তাদের বিধায়কের বিরুদ্ধে অত্যন্ত গুরুতর অভিযোগ এনেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই দুটি ঘটনা নিয়ে পাঞ্জাব সরকারের কাছে জবাব চাইবে। পাঞ্জাবে মাদক ব্যবসা ফুলেফেঁপে উঠছে, সংগঠিত অপরাধের ঝুঁকি বাড়ছে এবং যারা মাদকের বিরুদ্ধে কথা বলছেন, তাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। মুখ্যমন্ত্রী মহোদয়, পাঞ্জাবের মানুষ প্রচার চান না - তাঁরা চান উত্তর; কেবল ঘোষণা নয়, তাঁরা চান ফলাফল। মাদক চক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন এবং অপরাধীদের কোনো রাজনৈতিক মদত দেওয়া হচ্ছে কি না, তা নিয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার। আমাদের লক্ষ্য স্পষ্ট- মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, যুবসমাজের ভবিষ্যৎ সুরক্ষিত করা, অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা এবং এমনভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করা, যাতে কোনো নাগরিককেই ভয়ের ছায়ায় বাঁচতে না হয়।”