img


মাদকবিরোধী অভিযানে আসামের মুখ্যমন্ত্রী ও আসাম পুলিশকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ


আইনেট  প্রতিনিধিঃ    আসামে মাদকবিরোধী অভিযান ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া এবং মাদক কারবারের নেটওয়ার্কের বিরুদ্ধে উল্লেখযোগ্য সাফল্য অর্জনের জন্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এবং আসাম পুলিশকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স'এ একটি পোস্টে শ্রী অমিত শাহ বলেন, মাদক কারবারের নেটওয়ার্কের বিরুদ্ধে এটি একটি বড় আঘাত। ধারাবাহিক এই অভিযানে ৯৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে, ৫৪৭টি মামলা দায়ের হয়েছে এবং ১৮২ কোটি টাকারও বেশি মূল্যের মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি, মাদক কারবারের ৭০৩টি হটস্পটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রায় ৩১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়াও চলছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির নেশামুক্ত ভারত গড়ার লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে ২০২৬-২৯ সালের মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত ভিশন ডকুমেন্ট মাদক কারবারের নেটওয়ার্ক সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া, তার আর্থিক ভিত্তিতে আঘাত হানা এবং যুবসমাজকে সুরক্ষিত রাখার সংকল্পকে আরও দৃঢ় করেছে। মাদকের বিরুদ্ধে এই লড়াই অবিচল সংকল্পের সঙ্গে অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

নেশামুক্ত ভারত অভিযানের অঙ্গ হিসেবে গত ১২ অক্টোবর, ২০২৬ তারিখে আসাম পুলিশ রাজ্যজুড়ে মাদকবিরোধী অভিযান চালায়। এই অভিযানের আগে থেকেই ব্যাপক প্রস্তুতি ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। রাজ্যব্যাপী এই অভিযানে মাদক সংক্রান্ত ৫৪৭টি মামলা নথিভুক্ত করা হয় এবং ৯৪৫ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।