
আইনেট প্রতিনিধিঃ শুরু হয়ে গেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গোৎসব। দুর্গাপূজার চারটি দিন সাধারণ মানুষের আনন্দ ও উৎসবকে আরও সুন্দর করে তুলতে দিনরাত পরিশ্রম করে চলেছেন বিভিন্ন ক্লাব ও পূজা উদ্যোক্তারা। চারদিকে এখন উৎসবের আমেজ, আর সেই আবহেই ষষ্ঠীর সন্ধ্যায় উদ্বোধন হলো উদয়পুরের ফুলকুমারি নবশক্তি সংঘের দুর্গাপূজা।
গতকাল ষষ্ঠীর রাতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবশক্তি সংঘের দুর্গাপূজার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এলাকার বিধায়ক অভিষেক দেবরায়। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি পূজার চারটি দিন সকলকে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে উৎসব উপভোগ করার আহ্বান জানান।
পাশাপাশি উৎসবের আনন্দ যেন সকলের মধ্যে ছড়িয়ে পড়ে এবং কোনোভাবেই যাতে শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত না হয়, সেদিকেও সকলকে সচেতন থাকার বার্তা দেন তিনি। আনন্দ ও সম্প্রীতির মধ্য দিয়ে এবারের দুর্গোৎসব সবার কাছে স্মরণীয় হয়ে উঠুক—এমনই প্রত্যাশা ব্যক্ত করেন বিধায়ক অভিষেক দেবরায়।