img


না ফেরার দেশে সাগর, শোকে স্তব্ধ আমবাসার ক্রীড়ামহল


আইনেট প্রতিনিধিঃ   না ফেরার দেশে চলে গেলেন আমবাসা মহকুমার ডলুবাড়ির তরুণ ক্রিকেটার সাগর দেব। পঞ্চমীর রাতে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় একটি লরির ধাক্কায় প্রাণ হারান তিনি। তাঁর এই আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা ডলুবাড়ি সহ আমবাসা মহকুমার ক্রীড়ামহলে।

ক্রিকেটই ছিল সাগরের জীবনের অন্যতম ভালোবাসা। মাঠের সবুজ গালিচাতেই নিজের স্বপ্ন বুনতেন তিনি। আমবাসা মহকুমার ক্রিকেট জগতে পরিচিত মুখ ছিলেন সদা হাস্যমুখী সাগর। কিন্তু এক অভিশপ্ত রাতেই যেন নিভে গেল তাঁর জীবনের আলো। যে মানুষটিকে ঘিরে ছিল অনেক স্বপ্ন, অনেক আশা, সেই সাগর আজ শুধুই স্মৃতি।

সাগর দেব ছিলেন ডলুবাড়ি যুব সমাজ ক্লাবের অন্যতম সদস্য। তাঁর আকস্মিক প্রয়াণে ক্লাবের সদস্য থেকে শুরু করে পরিচিত মহল—সকলেই গভীরভাবে শোকাহত। প্রিয় সাগরের চলে যাওয়ার খবর যেন কেউই সহজে মেনে নিতে পারছেন না। তাঁর হাসিমাখা মুখ আর মাঠের উপস্থিতি বারবার মনে পড়ছে সকলের।

সাগরের শেষযাত্রায় আমবাসা ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং ডলুবাড়ি যুব সমাজ ক্লাবের পক্ষ থেকে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয়। চোখের জলে প্রিয় সাগরকে বিদায় জানান তাঁর সহকর্মী, সতীর্থ ও শুভাকাঙ্ক্ষীরা।

সাগরের এই অকালপ্রয়াণে একদিকে যেমন শূন্য হয়ে গেল তাঁর পরিবারের আপনজনদের জীবন, তেমনই অন্যদিকে আমবাসার ক্রিকেট মহল হারাল এক প্রিয় মুখকে। সাগর আর নেই—এই নির্মম সত্য যেন আজও বিশ্বাস করতে পারছেন না অনেকেই।

প্রয়াত সাগর দেবের আত্মার শান্তি কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি রইল গভীর সমবেদনা।