img


 সপ্তমীর দিনে পুলিশ প্রশাসনের তৎপরতায় কার্যত ভেস্তে গেল আত্মসমর্পণকারী বৈরী সংগঠন NLFT ও ATTF-এর কাওলাজয় গোষ্ঠীর ডাকা ৭২ ঘণ্টার সড়ক অবরোধ


   আইনেট প্রতিনিধিঃ     সপ্তমীর দিনে পুলিশ প্রশাসনের তৎপরতায় কার্যত ভেস্তে গেল আত্মসমর্পণকারী বৈরী সংগঠন NLFT ও ATTF-এর কাওলাজয় গোষ্ঠীর ডাকা ৭২ ঘণ্টার আসাম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ কর্মসূচি। অবরোধকে কেন্দ্র করে বড়মুড়ার চন্দ্র সাধুপাড়া এলাকায় উত্তেজনা ছড়ালেও বর্তমানে স্বাভাবিক রয়েছে জাতীয় সড়কে যান চলাচল।

জানা যায়, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী সপ্তমীর দিন ৭২ ঘণ্টার জাতীয় সড়ক অবরোধে অংশ নিতে বড়মুড়ার চন্দ্র সাধুপাড়া এলাকায় পৌঁছান আত্মসমর্পণকারী বৈরী সংগঠন NLFT ও ATTF-এর কাওলাজয় গোষ্ঠীর কর্মীরা। খবর পেয়ে অবরোধস্থলে পৌঁছান জিরানিয়া মহকুমা প্রশাসনের ডিসিএম-সহ পুলিশ আধিকারিকরা। তাঁরা অবরোধকারীদের সঙ্গে কথা বলে অবরোধ কর্মসূচি প্রত্যাহারের আবেদন জানান। তবে প্রশাসনের আবেদনে সাড়া না দিয়ে অবরোধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকেন অবরোধকারীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এরপর তৎপর হয়ে ওঠে পুলিশ প্রশাসন। অবরোধস্থল থেকেই অবরোধের নেতৃত্বে থাকা কাওলাজয় ত্রিপুরা-সহ আন্দোলনকারীদের আটক করে পুলিশ। পরে তাঁদের আগরতলার এডি নগরে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।

এদিকে, অবরোধকারীদের আটক করার সময় দুই পুলিশকর্মীর উপর চড়াও হওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনায় প্রসেনজিৎ দাস ও কাজল দেববর্মা নামে দুই পুলিশকর্মী আহত হন। তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পুলিশ প্রশাসনের দ্রুত পদক্ষেপে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।