
আইনেট প্রতিনিধিঃ শারদ উৎসব সমাপ্ত হতেই আসন্ন নগর ভোট নিয়ে উদ্যোগ গ্রহণ শুরু করলো বামপন্থী দলগুলি। এদিন রাজ্যের পাঁচটি বামপন্থী দলের পক্ষ থেকে ৬ সদস্যের এক প্রতিনিধি দল মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার সাথে দেখা করে। মুখ্যমন্ত্রীর সাথে বামপন্থী প্রতিনিধি দলটির প্রায় ৩৫ মিনিট নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনা কালে ২০২১ সালের পৌর নির্বাচনের অভিজ্ঞতার বিষয়টি বামপন্থী নেতৃবৃন্দ মুখ্যমন্ত্রীর নিকট তুলে ধরে। মুখ্যমন্ত্রীর নিকট তারা দাবি রাখেন, নির্বাচনে সব কয়টি দল যেন রাজনৈতিক প্রচার অনুষ্ঠান করতে পারে তা নিশ্চিত করতে হবে। নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে। মনোনয়নপত্র দাখিলের পর প্রার্থীদের যেন মনোনয়নপত্র প্রত্যাহারে বাধ্য না করা হয় সেই বিষয়টি লক্ষ্য রাখতে হবে। মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার পর সিপিআইএম রাজ্য দপ্তরে রাজ্য বামফ্রন্ট কমিটির সাংবাদিক সম্মেলনে এই কথা জানান দলের আহ্বায়ক মানিক দে। তিনি জানান ,মুখ্যমন্ত্রীর সাথে আলোচনাকালে ২০২১ সালের পৌর নির্বাচনে শান্তিরবাজার, বিশালগড়, মোহনপুর, জিরানিয়া ,রানীরবাজার প্রভৃতি নগর সংস্হার ঘটনাগুলি মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরা হয় এবং সদ্য সমাপ্ত ভিলেজ কমিটির নির্বাচনের মত আসন্ন পৌর নির্বাচনেও নিরাপত্তার ক্ষেত্রে কেন্দ্রীয় আধা সাময়িক বাহিনীর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।