
আইনেট প্রতিনিধিঃ বিজয়ার আনন্দ, আত্মীয়স্বজনের সঙ্গে মিলন, প্রতিমা নিরঞ্জনের উৎসব—সবকিছুই চলছিল স্বাভাবিক ছন্দে। কিন্তু কে জানত, কয়েক মুহূর্তের মধ্যেই সেই আনন্দের পরিবেশ পরিণত হবে কান্না আর হাহাকারে! বিজয়া দশমীর উৎসবের দিনেই তেলিয়ামুড়ার নেতাজিনগরে পুকুরের জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হলো আগরতলার বিশিষ্ট ঠিকাদার সপ্তশ্রী দাসের। আকস্মিক এই মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে পরিবার-পরিজন থেকে শুরু করে পরিচিত মহলে। তবে এই মৃত্যুকে ঘিরে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন।
হাসিমুখে নিরঞ্জন দেখে ফেরা, তারপরই চিরবিদায়!
প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগরতলার ধলেশ্বর সাত নম্বর রোডের বাসিন্দা মলয় দাসের পুত্র সপ্তশ্রী দাস বিজয়া দশমীর দিন তেলিয়ামুড়ার নেতাজিনগরে নিজের শ্বশুরবাড়িতে এসেছিলেন। উৎসবের দিনে আত্মীয়স্বজনের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি শ্বশুরবাড়ির পার্শ্ববর্তী বাসিন্দা বিজয় নারায়ণ দেবের বাড়িতে দুর্গাপ্রতিমা নিরঞ্জন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন তিনি।
এরপর দশমীঘাটে খোয়াই নদীতে প্রতিমা নিরঞ্জন পর্ব সম্পন্ন করে হাসিমুখেই ফিরে আসেন বিজয় নারায়ণ দেবের বাড়িতে। কিন্তু সেই হাসিমুখ যে আর কখনও আপনজনদের সামনে ফিরে আসবে না, তা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি কেউ।