
আইনেট প্রতিনিধিঃ এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে গুরুতরভাবে জখম করা হলো। ঘটনা শুক্রবার সকালে প্রকাশ্য দিবালোকে তেলিয়ামুড়া বাজারে। কে বা কারা এই অসহায় এবং মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধর করেছেন তা এখনো জানা যায়নি। তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের দমকল কর্মীরা খবর পেয়ে গুরুতর আহত মনির হোসেন নামের যুবকটিকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে যান ।সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় থাকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জিবি হাসপাতাল সূত্রে জানা গেছে ,তার দেহে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। পারিবারিক সূত্রে জানা গেছে, মাঝেমধ্যেই বাড়ি থেকে বের হয়ে যেতেন মনির হোসেন। সোমবারও বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। বাড়ির লোকেরা খোঁজাখুঁজি করলেও তার কোন হদিস পাওয়া যায়নি। অবশেষে শুক্রবার সকালে তেলিয়ামুড়া বাজার থেকে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়।