
আইনেট প্রতিনিধিঃ মাতাবাড়ি ব্লকের অধীন উদয়পুরের খিলপাড়া গ্রামের নানুয়া দিঘিতে রাতের অন্ধকারে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে একদল দুষ্কৃতিকারীর বিরুদ্ধে। এই ঘটনায় দিঘিতে থাকা প্রায় ১০ থেকে ১২ লক্ষ মাছের পোনা মারা গিয়েছে বলে জানা গেছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ থেকে ৮ লক্ষ টাকা। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। শুক্রবার ভোর প্রায় চারটা নাগাদ দিঘিতে বিষ প্রয়োগের বিষয়টি জানতে পারেন লিজগ্রহীতা কর্তৃপক্ষ। এরপর দিঘিতে মাছের পোনা মরে ভেসে উঠতে দেখে তাঁদের মাথায় হাত পড়ে। কে বা কারা এবং কী কারণে এই ঘটনা ঘটিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে এই ঘটনার পেছনে কয়েকজনের হাত থাকতে পারে বলে সন্দেহ করছেন তাঁরা। অভিযুক্তদের বিরুদ্ধে রাধাকিশোরপুর থানায় মামলা দায়ের করা হবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।