
আইনেট প্রতিনিধিঃ ফ্রান্সে চলমান বিক্ষোভের মধ্যেই আগামী ৩১ অক্টোবর দেশজুড়ে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের সংগঠকেরা। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, নাগরিক অধিকার ও সরকারি নীতির প্রতিবাদে সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালনের কথা জানিয়েছে তারা। শনিবার (২৪ অক্টোবর) প্যারিসসহ বিভিন্ন শহরে বিক্ষোভে প্রায় ৪ লাখ ১০ হাজার মানুষ অংশ নেন বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। এর মধ্যে প্যারিসে ছিলেন প্রায় ১ লাখ ১০ হাজার। বেশিরভাগ কর্মসূচি শান্তিপূর্ণ হলেও প্যারিস, মার্সেই, নান্ত ও রেনসহ কয়েকটি শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ। ৩১ অক্টোবর পার্লামেন্ট ভবন ও বিভিন্ন শহরের মেয়র কার্যালয়ের সামনে সমাবেশ ও অবস্থানের আহ্বান জানিয়েছে আন্দোলনকারীরা। তাদের দাবি, জীবনযাত্রার ব্যয়ের পাশাপাশি বিক্ষোভের অধিকার ও নাগরিক স্বাধীনতা নিয়েও সরকারকে চাপের মুখে ফেলতে চান তারা।