img


ইসরায়েলে নির্বাচনের ফলাফল কখন জানা যাবে?


আইনেট প্রতিনিধিঃ   ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ মঙ্গলবার সকালে শুরু হয়েছে। চলবে স্থানীয় সময় রাত ১০টা পর্যন্ত। তখন ইসরায়েলি টেলিভিশন চ্যানেলগুলো ভোট-পরবর্তী জরিপের ফল প্রচার করবে।    জরিপ থেকে ফলাফল সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া যাবে। এরপর আসতে শুরু করবে প্রকৃত ভোটের ফল। নির্বাচনে কারা বিজয়ী হতে যাচ্ছে, সে সম্পর্কে আভাস পাওয়া যাবে ভোটগ্রহণ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে। তবে পুরো চিত্র স্পষ্ট হতে কয়েকদিন, এমনকি কয়েক সপ্তাহও লাগতে পারে।    কোনো একক দল বা জোট পার্লামেন্টে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পেলে পরিস্থিতি পরিষ্কার হতে আরও সময় লাগতে পারে। আশা করা হচ্ছে আগামী ৩০ অক্টোবরের মধ্যে চূড়ান্ত ভোট গণনা শেষ হবে। আনুষ্ঠানিক ফল প্রকাশ করা হবে ৪ নভেম্বর।   প্রতি চার বছর অন্তর ১২০ আসনের নেসেট বা পার্লামেন্ট নির্বাচন হয়। এর আসন বণ্টন হয় জাতীয় পর্যায়ে দলগুলোর প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে। আসন পেতে কোনো দলকে অন্তত ৩ দশমিক ২৫ শতাংশ ভোট পেতে হয়।     ধারণা করা হচ্ছে, প্রায় ১২টি দল ভোটের এই ন্যূনতম সীমা পার হতে পারবে। তাই চূড়ান্ত ভোট গণনা ও আসন বণ্টন সম্পন্ন হতে সময় লাগবে।