
আইনেট প্রতিনিধিঃ জনগণের যাতায়াত ব্যবস্থা আরও উন্নত করতে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে জাতীয় সড়ক প্রশস্তকরণ ও নতুন সড়ক নির্মাণের কাজ। এই কাজগুলির দায়িত্বে রয়েছে ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (NHIDCL)-এর বরাতপ্রাপ্ত বিভিন্ন ঠিকাদারি সংস্থা। তবে উন্নয়নের এই কর্মযজ্ঞের মাঝেই এবার নির্মাণকাজের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠল তেলিয়ামুড়া মহকুমার মোহড়ছড়া এলাকায়।
অভিযোগ, মোহড়ছড়ায় জাতীয় সড়ক প্রশস্তকরণের পাশাপাশি সড়ক লাগোয়া হাইড্রেন নির্মাণের কাজ করে চলেছে NHIDCL-এর বরাতপ্রাপ্ত ঠিকাদারি সংস্থা সিপ্টেক প্রাইভেট লিমিটেড। কিন্তু ওই সংস্থার নির্মাণকাজের গুণগত মান নিয়ে এবার সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, রাতের অন্ধকারে সড়কের পাশে নির্মীয়মাণ ড্রেনগুলিতে ঢালাইয়ের কাজ করা হচ্ছে। অথচ সেই ঢালাই সম্পন্ন হওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই বিভিন্ন অংশে ফাটল দেখা দিতে শুরু করেছে বলে দাবি এলাকাবাসীর। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এত অল্প সময়ের মধ্যে ঢালাইয়ে ফাটল দেখা দেওয়ার কারণ কী? নির্মাণকাজে ব্যবহৃত সামগ্রী এবং কাজের পদ্ধতি যথাযথ মান বজায় রেখে করা হচ্ছে তো?
এ বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত সংশ্লিষ্ট সংস্থার এক কর্মীর কাছে জানতে চাওয়া হলে, তাঁর বক্তব্য অনুযায়ী, অতিরিক্ত তাপমাত্রা এবং কড়া সিমেন্ট ব্যবহারের কারণে ফাটল দেখা দিয়েছে। তবে ওই ব্যাখ্যায় সন্তুষ্ট নন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাঁদের দাবি, নির্মাণকাজের গুণগত মান নিয়ে কোনওরকম আপস করা চলবে না।
এলাকাবাসীর স্পষ্ট দাবি, উন্নয়নের নামে নিম্নমানের কাজ কোনওভাবেই মেনে নেওয়া হবে না। যে সড়ক ও নিকাশি ব্যবস্থা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সুবিধার জন্য নির্মাণ করা হচ্ছে, সেই কাজের স্থায়িত্ব নিশ্চিত করা সংশ্লিষ্ট সংস্থার দায়িত্ব। নির্মাণের পর অল্প সময়ের মধ্যেই যদি ফাটল দেখা দেয়, তাহলে ভবিষ্যতে সেই ড্রেন কতটা কার্যকর থাকবে, তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।
তাই অবিলম্বে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের ঘটনাস্থল পরিদর্শন করে নির্মীয়মাণ ড্রেনগুলির কাজের গুণগত মান খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি, নির্মাণকাজে কোনও ধরনের ত্রুটি প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং নির্ধারিত মান বজায় রেখে কাজ সম্পন্ন করারও দাবি উঠেছে।