
আইনেট প্রতিনিধিঃ দীপাবলির আনন্দের আবহে শীতের আগমনী বার্তা। আর সেই শীতের হাত থেকে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে মানবিক উদ্যোগ গ্রহণ করল তেলিয়ামুড়া পুর পরিষদ। দীপাবলি উপলক্ষে পুর পরিষদের অন্তর্গত ১৫টি ওয়ার্ডের প্রতিটি পরিবারের হাতে শীতবস্ত্র হিসেবে বিনামূল্যে কম্বল তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
এই উদ্যোগকে সফল করে তুলতে বিগত প্রায় পাঁচ দিন ধরে তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলাকেন্দ্র তথা টাউন হলে নির্ধারিত ওয়ার্ড অনুযায়ী পরিবারগুলোর মধ্যে কম্বল বিতরণ করা হয়। পুর পরিষদের এই উদ্যোগকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও খুশির পরিবেশ পরিলক্ষিত হয়।
মঙ্গলবার ছিল এই পাঁচ দিনব্যাপী কম্বল বিতরণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান। এদিন পুর পরিষদের ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত পরিবারগুলোর হাতে বিনামূল্যে কম্বল তুলে দেওয়া হয়। এর মধ্য দিয়েই পুর পরিষদের ১৫টি ওয়ার্ডজুড়ে চলা এই বিশেষ কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
এদিনের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়ার বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্যসচেতক কল্যাণী সাহা রায়, তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, ভাইস চেয়ারম্যান মধুসূদন রায়-সহ পুর পরিষদের অন্যান্য প্রতিনিধিরা।
উৎসবের আনন্দের পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের মুখে হাসি ফোটানোর এই উদ্যোগ পুর পরিষদের জনমুখী কর্মকাণ্ডের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত। দীপাবলির প্রাক্কালে শীতবস্ত্র হিসেবে কম্বল পেয়ে উপকৃত পরিবারগুলোর মধ্যে খুশির আবহ লক্ষ্য করা যায়। পাঁচ দিন ধরে চলা এই কর্মসূচির মাধ্যমে পুর পরিষদ এলাকার প্রতিটি পরিবারের কাছে শীতবস্ত্র পৌঁছে দেওয়ার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা স্থানীয় মহলে বিশেষ তাৎপর্য বহন করছে।