
আইনেট প্রতিনিধিঃ অতি প্রবল থেকে দুর্বল হয়ে অবশেষে নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ । ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, ছত্তিশগড় ও সংলগ্ন ওডিশার উপর অবস্থান করা এই নিম্নচাপটি আরও উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে আরও শক্তি হারাচ্ছে। তবে ঝড়ের দাপট কমলেও এখনই সম্পূর্ণ শুষ্ক আবহাওয়া পাওয়ার কোনো সম্ভাবনা নেই। আজ শুক্রবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। দিনের বিভিন্ন সময়ে শহরের কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে স্বস্তির বিষয় হলো, একটানা বা ভারী বর্ষণের কোনো আশঙ্কা নেই। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। মেঘলা আকাশ ও বৃষ্টির জেরে ভ্যাপসা গরম থেকে খানিক স্বস্তি মিলবে।