
আইনেট প্রতিনিধিঃ কৃষি নির্ভর দেশ এই ভারতবর্ষের কৃষকদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুচ্ছ পরিকল্পনা হাতে নিয়েছেন। এর মধ্যে অন্যতম হলো পিএম কিষান সম্মান নিধি প্রকল্প। এই প্রকল্প অনুসারে প্রতিবছর তিনটি কিস্তিতে নথিভুক্ত প্রায় ১১ কোটি কৃষকদের ব্যাংক একাউন্টে ছয় হাজার টাকা করে হস্তান্তর করা হচ্ছে। এই প্রকল্পে এখন পর্যন্ত ২৩ তম কিস্তি প্রদানের কাজ সম্পন্ন হয়েছে। শুক্রবার গুজরাট থেকে কৃষক সম্মেলনের মাধ্যমে পিএম কিষান সম্মান নিধির ২৪ তম কিস্তি প্রদানের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই উপলক্ষে রাজ্যেও একটি কৃষক সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্মেলনে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। এদিন গুজরাট থেকে বোতাম টিপে প্রধানমন্ত্রী দেশের ৯ কোটি ৩৪ লক্ষ কৃষকের ব্যাংক একাউন্টে মোট ১৮ হাজার কোটি ৬৯০ লক্ষ টাকারও বেশি অর্থ রাশি হস্তান্তর করেন। এরমধ্যে ত্রিপুরার ২ লক্ষ ২১ হাজার ২২০ জন কৃষকের ব্যাংক একাউন্টে ৪৪ কোটি ২৪ লক্ষ ৪০ হাজার টাকা সরাসরি হস্তান্তর করা হয়। এই অনুষ্ঠান প্রসঙ্গে রাজ্যের কৃষি মন্ত্রী রতনলাল নাথ জানান, এখন পর্যন্ত পিএম কিষান সম্মান নিধির আওতায় রাজ্যের ২ লক্ষ ৮৫ হাজার কৃষক ১০৬৫ কোটি টাকা পেয়েছেন। প্রধানমন্ত্রী চান ভারত বর্ষ বিশ্বের শস্য ভান্ডার হয়ে উঠুক। ২০৪৭ সালের মধ্যে দেশ বিকশিত ভারতে পরিণত হোক। এই ক্ষেত্রে কৃষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কৃষকদের আত্মনির্ভর হওয়া একান্ত প্রয়োজন। কৃষকদের আত্মনির্ভর করার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী।