
আইনেট প্রতিনিধিঃ আগরতলা পুর নিগমের অধীনে ৩৬ নম্বর ওয়ার্ডে নতুন ওয়ার্ড অফিস নির্মাণের লক্ষ্যে ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমি পূজন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে নতুন ওয়ার্ড অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আগরতলা পুর নিগমের মেয়র তথা এলাকার বিধায়ক দীপক মজুমদার। উপস্থিত ছিলেন পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, সংশ্লিষ্ট ওয়ার্ডের কর্পোরেটর নিতু দে গুহ-সহ অন্যান্য জনপ্রতিনিধি ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আগরতলা পুর নিগম গঠিত হওয়ার পর বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করতে গিয়ে তিনি লক্ষ্য করেন, অধিকাংশ ওয়ার্ড অফিসের পরিকাঠামো ছিল অত্যন্ত দুর্বল। অনেক অফিসের ভবন জরাজীর্ণ অবস্থায় ছিল। পাশাপাশি পর্যাপ্ত জায়গা ও নাগরিকদের বসে নিজেদের অভাব-অভিযোগ জানানোর উপযুক্ত পরিবেশেরও অভাব ছিল।
তিনি বলেন, ওয়ার্ড অফিস হচ্ছে সাধারণ নাগরিকদের সঙ্গে পুর নিগমের সরাসরি যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই প্রতিটি ওয়ার্ড অফিসকে আধুনিক পরিকাঠামোয় গড়ে তুলে নাগরিক পরিষেবা প্রদানের উপযোগী করে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
মেয়র আরও জানান, সেই পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন ওয়ার্ডে পুরোনো অফিস সংস্কারের পাশাপাশি নতুন ওয়ার্ড অফিস নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি ওয়ার্ডে ভূমি পূজন ও নির্মাণকাজ শুরু হয়েছে। আরও কয়েকটি প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামী দিনে সেগুলির নির্মাণকাজও শুরু করা হবে।
নতুন ওয়ার্ড অফিস নির্মিত হলে ৩৬ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ আরও উন্নত ও সুষ্ঠু নাগরিক পরিষেবা পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।