img


মাদকমুক্ত সমাজ গড়তে লড়াইকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান মুখ্যমন্ত্রীর


আইনেট  প্রতিনিধিঃ     সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫১ তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার রাজ্যে পালিত হয় রাষ্ট্রীয় একতা দিবস। এদিন আগরতলার এ.ডি. নগর পুলিশ লাইনে ত্রিপুরা পুলিশের উদ্যোগে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মাদক বর্তমান সমাজের সামনে অন্যতম বড় চ্যালেঞ্জ। বিশেষ করে যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে পুলিশ, প্রশাসন, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। মাদকের বিরুদ্ধে লড়াইকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানান তিনি।

মুখ্যমন্ত্রী জানান, মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে ত্রিপুরা পুলিশের উদ্যোগে ‘ফাইট এগেইনস্ট ড্রাগস’ বার্তা নিয়ে বিশেষ মোটরবাইক র‍্যালির আয়োজন করা হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলের ছয়টি রাজ্যের পুলিশ বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে র‍্যালিটি বিভিন্ন রাজ্য অতিক্রম করে গুজরাটের একতা নগরে পৌঁছেছে। ৩১ অক্টোবর সেখানে জাতীয় স্তরের কর্মসূচিতেও অংশ নেবেন র‍্যালির সদস্যরা।

এদিন অনুষ্ঠানে জাতীয় ঐক্য, সংহতি ও দেশের অখণ্ডতা রক্ষার শপথ গ্রহণ করেন পুলিশ আধিকারিক ও কর্মীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব জে কে সিনহা এবং পুলিশের মহানির্দেশক জি এস রাও সহ অন্যান্য আধিকারিকরা।