img


ঐক্যের বার্তা, সম্প্রীতির শপথ! কৈলাসহরে পালিত রাষ্ট্রীয় একতা দিবস


 আইনেট  প্রতিনিধিঃ     দেশজুড়ে জাতীয় ঐক্য ও সংহতির বার্তা ছড়িয়ে পড়ল ত্রিপুরার ঊনকোটি জেলার কৈলাসহরেও। লৌহ পুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো রাষ্ট্রীয় একতা দিবস। দেশের অখণ্ডতা, সংহতি ও ঐক্যের আদর্শকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নিলেন জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিক এবং সাধারণ মানুষ।

শনিবার সকালে কৈলাসহরে আয়োজিত রাষ্ট্রীয় একতা দিবসের রেলিতে অংশগ্রহণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।সাথে বাল্যবিবাহ বন্ধ সহ সচেতনামূলক বিভিন্ন বার্তার ফ্লেক্স রেলিতে তুলে ধরা হয়। রেলিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শেষ হয় মহকুমা শাসকের কার্যালয়ে। রেলিতে পা মেলান ত্রিপুরা সরকারের সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়, ঊনকোটি জেলার জেলা শাসক মেঘা জৈন (আইএএস), মহকুমা শাসক-সহ বিভিন্ন প্রশাসনিক আধিকারিক। পাশাপাশি এলাকার বহু পুরুষ ও মহিলা স্বতঃস্ফূর্তভাবে এই রেলিতে অংশ নেন।

সর্দার বল্লভভাই প্যাটেলের দেশ গঠনের অবদান এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আদর্শকে স্মরণ করেই এই দিবস উদযাপন করা হয়। রেলির মাধ্যমে দেশের ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ববোধ অটুট রাখার বার্তা তুলে ধরা হয়। কৈলাসহরের এই কর্মসূচিতে সাধারণ মানুষের অংশগ্রহণে রাষ্ট্রীয় একতা দিবসের উদযাপন হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ।